ক্রীড়া প্রতিবেদক :
বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে দুর্বার রাজশাহী। অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির ঝড় ব্যাটিংয়ে ২০ ওভার করে ১৯৭ রান। ম্যাচটি জিততে হলে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের করতে হবে ১৯৮ রান।
বিপিএলের প্রথম ম্যাচে টসে জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সিদ্ধান্ত নেন বল করার। প্রথম ইনিংস শেষে দেখা যাচ্ছে সিদ্ধান্ত কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান ও ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে রাজশাহীর প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।
যদিও ম্যাচের শুরুতে জিসান আলমের ডাক মারার পর ধাক্কা খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। এরপর দলটির হাল ধরেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী।
এই দুজনের জুটি ছাড়িয়ে যায় পঞ্চাশ। ফাহিম আশরাফকে মিড অফ দিয়ে চার মেরে ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। খানিক বাদে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইয়াসিরও। অবশ্য বেশিদূর এগোতে পারেননি বিজয়। তিনি ফাহিম আশরাফের লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ৬৫ রানে।
এর ফলে ইয়াসিরের সঙ্গে তার জুটি ভেঙেছে ১৪০ রানে। এরপর রায়ান বার্লকে নিয়ে রাজশাহীর রান বাড়াতে থাকেন ইয়াসির। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৪ রানে। এবং বার্ল অপরাজিত থাকেন ৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর- দুর্বার রাজশাহী- ১৯৭/৩ (২০ ওভার) (হারিস ১৩, বিজয় ৬৫, ইয়াসির ৯৪*)
ফরচুন বরিশালের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, রিপন মণ্ডল।
দুর্বার রাজশাহীর একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, জিসান আলম, মোহাম্মদ হারিস, রায়ান বুর্ল, এস এম মেহেরব, লাহিরু সমরকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ, তাসকিন আহমেদ।