নিজস্ব প্রতিবেদক :
হাঁটু গেড়ে এক তরুণীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা গেছে, ভিডিওটি ছিল সোহেল তাজের বাগদান অনুষ্ঠানের।
সোহেল তাজের বাগদত্তার নাম শেহনাজ পারভীন শিমু। ঠাকুরগাঁওয়ে বেড়ে উঠেছেন তিনি। কোচ হিসেবে কাজ করেছেন সেখানকার একটি রাগবি ক্লাবে। এরপর ঢাকার বিভিন্ন ফিটনেস সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করেছেন শিমু। পাশাপাশি যুক্ত আছেন বাংলাদেশ রাগবি ফাউন্ডেশনের সঙ্গে।
বর্তমানে সোহেল তাজের মালিকানাধীন ইনস্পায়ার ফিটনেসের ট্রেনার হিসেবে কাজ করছেন শেহনাজ পারভীন শিমু। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই পরিচয়, এরপর পরিণয়। সবশেষ গত ২৯ ডিসেম্বর শিমুর হাতে আংটি পরিয়ে দেন দেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
নেটিজেনরা বলছেন, ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।
বাগদানের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সবাইকে শুভকামনা জানিয়েছেন সোহেল তাজ। তিনি বলেন, নতুন জীবন শুরু করছি, সবার দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। ২০০১ সালের নির্বাচনে সোহেল তাজ গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে এমপি নির্বাচিত হন। ঐ সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে একই আসন থেকে এমপি হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।
একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল এমপি পদ থেকেও পদত্যাগ করেন। তরপর থেকে রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। বেশ কয়েক বছর ধরে ফিটনেসের প্রতিই তিনি বেশি মনোযোগী। এবার তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেলেন ফিটনেস ট্রেইনার শিমু।