জামায়াতের বক্তব্য হাস্যকর দেশপ্রেম নিয়ে : রিজভী

সিলেট প্রতিনিধি ;
দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে সিলেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে। একটি সেনাবাহিনী, আরেকটি বিএনপি। আজ একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সেনাবাহিনীকেই শুধু দেশপ্রেমিক বলে দাবি করে। স্বশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে। কিন্তু আপনারা (জামায়াত) নিজেদেরকে যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন- ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?

রিজভী আরো বলেন, বিগত দিনে জাতির ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না। রাজনৈতিক দলসমূহ মিটিং মিছিল করতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো। শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছিল। আমাদের নেতা এম. ইলিয়াস আলীসহ সাড়ে ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। ভয়ংকর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা রাজপথে লড়াই করেছি।

বিএনপির এই নেতা বলেন, এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- এম. ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা নির্যাতন করেছে, তাদের বিচার কি হবে না?

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ হোসেন বকুল প্রমুখ।

অনুষ্ঠানে তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে দুটি ব্যাটারিচালিত অটোর চাবি হস্তান্তর করেন অতিথিরা।

এর আগে, ২৯ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন রিজভী।

ওই দিন জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না।

তিনি আরো বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কারা পায়ের রগ কাটে, তাদের চিনে জনগণ।

ওই দিন রিজভীর অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত।

একইদিন (২৯ ডিসেম্বর, রোববার) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানায় জামায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *