বিনোদন প্রতিবেদক :
বছরের প্রথম সিনেমা হিসেবে আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’। এরই মধ্যে সিনেমাটির হলের সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রথম সপ্তাহে ১৩টি হল পেয়েছে ‘মধ্যবিত্ত’।
‘মধ্যবিত্ত’ ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি। এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়। কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গার চরিত্র বাদ যায়নি এ ছবিতে।
তিনি বলেন, এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’
এই সিনেমা দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নবাগত নায়ক শিশির সরদার। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুজনেই নিজেদের নতুন এই সিনেমা নিয়ে আশাবাদী। শিশির ও এলিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, রেবেকা রউফ, সমু চৌধুরী, সাবেরী আলম, ওমর মালিকসহ আরো অনেকেই। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
এ সিনেমা নিয়ে পরিচালকের ত্যাগের গল্পটিও আবেগপ্রবণ করে তোলে। ছবিটি করতে গিয়ে নিজের শুটিংয়ের ক্যামেরা, লেন্স, জমি ও কফিশপ পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তাকে। গত বছর ছাড়পত্র পায় ‘মধ্যবিত্ত’।
যেসব হলে দেখা যাবে ‘মধ্যবিত্ত’ : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা) ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা দিয়াবাড়ি, ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা), গ্রান্ড রিভার ভিউ (রাজশাহী), বনলতা সিনেমা (ফরিদপুর), পূরবী সিনেমা (ময়মনসিংহ), মর্ডান সিনেমা (দিনাজপুর), নসীব সিনেমা (সাপাহার, নওগা), রাজ সিনেমা (কিশোরগঞ্জ), চলন্তিকা সিনেমা (নারায়ণগঞ্জ,) সোনালী সিনেমা (টেকেরহাট, মাদারীপুর) এবং মাধবী সিনেপ্লেক্স (মধুপুর, টাঙ্গাইল)।