আর্ন্তজাতিক ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের একজন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাহেল শাখার শীর্ষস্থানীয় নেতা।
মালির সেনাবাহিনীদের দাবি, গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে তারা যে অভিযান চালায় তাতে আইএসের বেশ কিছু সদস্য নিহত হয়েছেন। এ অভিযানে সেনাবাহিনী যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে, তাদের একজন মোহাম্মদ ওউলদ এরকেহিল ওরফে আবু রাকিয়া ওরফে আবু হাশ।
সেনাবাহিনীর বিবৃতিতে ঐ ব্যক্তিকে আইএসের একজন শীর্ষস্থানীয় নেতা বলে উল্লেখ করা হয়।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেনাকা ও গাও অঞ্চলে মানুষের বিরুদ্ধে নৃশংসতার ঘটনায় আবু রাকিয়াকে দায়ী করেছে মালির সেনাবাহিনী। এ ছাড়া সেনাবাহিনী বিরুদ্ধে হামলায় সমন্বয়ের জন্যও তাকে দায়ী করা হয়েছে।
২০১২ সাল থেকে মালি গভীর অস্থিরতার মুখোমুখি। এ অস্থিরতা তৈরিতে আল-কায়েদা, আইএস ও স্থানীয় অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।
বর্তমানে দেশটির সামরিক শাসক সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। তারা রাশিয়ার দিকে সামরিক ও রাজনৈতিকভাবে ঝুঁকে পড়েছে।