স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন। এ বছর ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের এই মর্যাদা দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ মনোনীত ১৯ জনের নাম ঘোষণা করে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য এমন কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি।
লিও মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের মাধ্যমে সারা বিশ্বে শিশুদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তার সঙ্গে যুক্ত এই মহাতারকা। তিনি ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান।
দাপ্তরিক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন, একজন মহান নেতা সবার প্রতি বিশ্বাস রাখেন, সবাইকে ন্যায্য সুযোগ দেন এবং শালীনতাকে সর্বোচ্চে স্থান দেন। এই ১৯ জন আমেরিকান মহান নেতা, এই দেশকে একটি আরো ভালো জায়গা বানিয়েছেন। তারা মহান নেতা কারণ তারা ভালো মানুষ, যারা তাদের দেশ ও পৃথিবীর জন্য অসাধারণ অবদান রেখেছেন।’
মেসি ছাড়াও ক্রীড়াঙ্গন থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন বাস্কেটবল লিগ এনবিএতে পাঁচবারের চ্যাম্পিয়ন ম্যাজিক জনসন। তিনি লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে বাস্কেটবলের প্রেস্টিজিয়াস শিরোপা জিতেছেন।