নতুন রেকর্ড বিপিএলে ছক্কার

ক্রীড়া প্রতিবেদক :
বিপিএলের একাদশ আসরের সিলেট পর্বের প্রথম ম্যাচে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড হয়েছে। রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের খেলায় সর্বমোট ছক্কা হয়েছে ৩১টি।
এর আগে ২০২৩-২৪ মৌসুমে চট্টগ্রামের ভেন্যুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে ২৯টি ছক্কা হয়েছিল। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুরে ২৯ ছক্কা হাঁকায় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ঐ দুই ম্যাচের নজির ভেঙে এবার বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়ল রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। তাদের ইনিংসে ১৬টি ছক্কা ছিল। জবাবে অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে এক ওভার বাকি থাকতে ২১০ রান তুলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। এই ইনিংসে ১৫টি ছক্কা মারেন রংপুরের ব্যাটাররা।

ম্যাচে সর্বোচ্চ ৭টি করে ছক্কা মারেন হেলস ও সাইফ হাসান। ১০টি চার ও ৭টি ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন হেলস। ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৯ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাইফ। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটিতে রংপুরের জয়ে বড় অবদান রাখেন হেলস ও সাইফ।

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকা-

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স- ৩১ ছক্কা, সিলেট, ২০২৪-২০২৫

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ২৯ ছক্কা, চট্টগ্রাম, ২০২৩-২০২৪

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী- ২৯ ছক্কা, মিরপুর, ২০২৪-২০২৫

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস- ২৭ ছক্কা, মিরপুর, ২০১২-২০১৩

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স- ২৭ ছক্কা, চট্টগ্রাম, ২০২২-২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স- ২৭ ছক্কা, সিলেট, ২০২২-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *