বিলুপ্ত হচ্ছে পৌরসভা!

অগ্রগামী ডেস্ক :
স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এসব প্রস্তাবে পৌরসভা বিলুপ্তি, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন বাতিল, সরাসরি মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধসহ গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হচ্ছে। এসব সংস্কারের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকরী ও শক্তিশালী করার পরিকল্পনা চলছে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ জানিয়েছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকরী করতে শর্টকার্ট কোনো পদ্ধতি নেই। আমরা তৃণমূল থেকে নানা মতামত গ্রহণ করছি, যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে এসেছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এ প্রতিবেদনে ৪৯ হাজার মানুষের মতামত ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে, যা পরে অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হবে। ১৯৭০ সালে দেশের প্রথম পৌরসভা বিলুপ্ত করা হয়েছিল, এবং সেখান থেকে নতুন মাত্রায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগের মতো সরাসরি মেয়র নির্বাচন হবে না, এখন কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচিত হবে। এর মাধ্যমে একক ক্ষমতার ব্যবহার কমবে এবং স্থানীয় সরকারের ওপর জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ
পৌরসভা বিলুপ্তির কারণ
বর্তমানে দেশে ৩৩০টি পৌরসভা রয়েছে। এসব পৌরসভায় ৩০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তবে বেশিরভাগ পৌরসভার আয়ের পরিমাণ এত কম যে তারা সরকার নির্ধারিত বেতন স্কেলে কর্মচারীদের বেতন দিতে পারছে না। ফলে, এসব পৌরসভা কার্যকরী হতে পারছে না এবং সরকারী অনুদান ছাড়াই এগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিশেষত, রাজনৈতিক কারণে গঠিত কিছু পৌরসভা নিজেদের আয় থেকে কোনো কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একশোর বেশি পৌরসভা বর্তমানে অচল অবস্থায় রয়েছে। ফলে এসব পৌরসভার বিলুপ্তির সুপারিশের কথা উঠছে, তবে তা সঠিকভাবে মূল্যায়ন করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকগুলো পৌরসভা বিলুপ্তি হলে, সেগুলো ইউনিয়ন বা উপজেলা এলাকার অন্তর্ভুক্ত করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *