স্পোর্টস ডেস্ক :
দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিবন্ধন করানোর শেষদিন ছিল ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে দুজনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। এরপর আনুষ্ঠানিকভাবে ওলমো ও ভিক্টরের নিবন্ধনের আবেদন বাতিল করে লা লিগা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যার জন্য সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিতে খেলতে পারেননি এই দুই তারকা।
তবে এরপরও স্প্যানিশ সুপার কাপের সেমিতে অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা। মিডফিল্ডার গ্যাভি ও উইঙ্গার লামিন ইয়ামালের গোলে টানা তৃতীয়বার ফাইনালে উঠল দলটি। জয়ে দারুণ খুশি কোচ হ্যান্সি ফ্লিক। এদিকে একই রাতে আরও সুখবর পেয়েছে কাতালরা।
বিজ্ঞাপন
দানি ওলমো ও পাউ ভিক্টরকে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালত দুজনের সাময়িক নিবন্ধন দিয়েছেন। স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র ডি দেপোর্তেস (সিএসডি) রায় দিয়েছেন যে, ওলমো এবং ভিক্টর উভয়কেই দলে রাখা যাবে যতক্ষণ না মামলার একটি নির্দিষ্ট রায় হয়। তবে এ রায়ে অসন্তোস প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ।
বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আপিলের যথাযথ উপস্থাপনের জন্য বিষয়টি সাবধানতার সাথে দেখতে হবে।’
গতকাল সুপার কাপের সবচেয়ে সফল দলটির হয়ে প্রথম গোলের সূচনা করেন গ্যাভি। ১৭ মিনিটে গোলের পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চোট থেকে ফেরা ইয়ামাল। ১৪ শিরোপা জেতা বার্সা ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা মায়োর্কার বিপক্ষে।
ফাইনাল নিশ্চিতের পর ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘সে চোট থেকে ফিরেছে। আমাদের কিছুটা পরিবর্তন করতে হয়েছিল। ৬০-৬৫ মিনিটের মধ্যে তাকে আমাদের পরিবর্তন করতে হতো, এটা নিশ্চিত ছিলাম।’
‘আমি খুব খুশি এবং আমরা ২-০তে জিতেছি, যা আমাদের জন্য ভালো। আমরা ফাইনালে পৌঁছে গেছি, যা আমাদের লক্ষ্য ছিল। আমরা কোনো গোল হজম করিনি, এটাও আমাদের খুশির কারণ। দল ভালো পারফরম্যান্স করায় আমি খুশি। আজকে এমনদিন আমাদের প্রাপ্য ছিল।’
স্বস্তি প্রকাশ করে কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি এ দুই খেলোয়াড়ের জন্য সত্যিই খুশি, তবে পুরো দলের জন্যও খুশি। এ তথ্য জানার পর দেখা যাক টিম বাসে কী হয়। আমি মনে করি পুরো ক্লাব সিদ্ধান্তটির জন্য খুব খুশি।’
‘ওলমো এবং ভিক্টরও খুশি। শুধু আমি নই, তারাও খুশি। ম্যাচের আগে এটি আমাদের জন্য একটি ভালো সংকেত ছিল, কারণ সবাই এটাও দেখাতে চায় যে আমরা একটি দল এবং তাদের জন্যও জিতেছি।’