স্পোর্টস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি অগ্নিনির্বাপনকর্মীরা। প্রচুর বাড়িসহ প্রায় ১০ হাজারের বেশি অবকাঠামো আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত দশজনের। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস, প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। বিনোদন নগরী খেত এই শহরে দাবানলের আগুনে পুড়েছে হলিউড তারকাদের সঙ্গে ফুটবলারদেরও বাড়িঘর। এছাড়া ক্রীড়াঙ্গনের অন্য খেলার মানুষেরাও এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই লস অ্যাঞ্জেলেসের শহরেই থাকতেন মেক্সিকো জাতীয় দলের ফুটবলার কার্লোস ভেলা ও তার স্ত্রী। ভয়ঙ্কর রুপ নেওয়া দাবানলে পুড়েগেছে একসময় ‘বয় ওন্ডার’ ও ‘হায়েনা’ নামে পরিচিতি পাওয়া মেক্সিকো ফরোয়ার্ডের বাড়িও। তার স্ত্রী সাইওয়া ক্যানিবানো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
ক্যানিবানো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের বাড়িটি গতকাল পুড়ে গেছে। এখানে যা ঘটেছে তার জন্য আমরা হতবিহ্বল হয়ে পড়েছি।’
‘সবকিছু পুড়ে যেতে দেখা খুব আতঙ্ক ও দুঃখের। আমাদের নিয়ে উদ্বিগ্ন যারা বার্তা দিয়েছেন তাদের বলছি, আমরা নিরাপদ আছি। ক্ষতিগ্রস্ত সকলকে অনেক ভালোবাসা এবং আশা করি তারা শিগগিরই আগুন নিভিয়ে ফেলবে।’
এছাড়া জানা যায়, এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিকের বাড়িঘর পুড়ে গেছে। তিনি ও তাঁর পরিবার অবশ্য নিরাপদে অবস্থান করছেন। লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন খেলার বেশ কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে।