নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে জনগণ আর কখনো কোনো স্বৈরাচারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, বোনকে গুলি করে হত্যা করেছে। যারা আমার ভাইদের গুম করেছে। যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের বহু ভাইদের গুলি করে হত্যা করেছে, তাদের স্থান কখনও বাংলাদেশে হতে পারে না।
আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেরই ক্ষতি করেনি, তারা পুরো বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরনের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে।
তিনি আরও বলেন, সেই ধ্বংসস্তুপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার ৩১ দফার রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূনর্গঠন করবে এবং সেই পূনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণ মুক্ত ও শক্তিশালী ছিল। ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন; সেসময়ে ক্রীড়াঙ্গনে কখনও দলীয়করণ করে নাই। তখন মেধার ভিক্তিতে সকল সংগঠনকে নিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হয়েছিল। কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে গত ১৫ বছরে দেশের ক্রীড়াঙ্গনের নাজুক অবস্থা তৈরি করে গেছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে খেলা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল খেলার উদ্বোধন করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ উপস্থিত ছিলেন।