বিনোদন ডেস্ক :
‘সুপারম্যান’ তারকা হেনরি ক্যাভিল (৪১) বাবা হয়েছেন। তার প্রেমিকা নাটালি ভিসকুসো এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে সন্তান সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশ করেননি হেনরি। এমনকি নাম, লিঙ্গ বা জন্মতারিখও জানাননি। তাই আপাতত সন্তান জন্মের খবর শুনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে অনুরাগীদের।
তবে সন্তান আগমনের খবর হেনরি কিন্তু দিয়েছিলেন। ২০২৪ সালের এপ্রিলে কেভিল জানিয়েছিলেন তিনি ও তার প্রেমিকা নাটালি সন্তানের অপেক্ষায় আছেন। তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ন্যাটালি ও আমি দুজনেই খুব উচ্ছ্বসিত। আশা করি, এর আরও অনেক কিছু আপনি সামনে দেখতে পাবেন।’
২০২১ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন হেনরি-নাটালি। সেসময় ইনস্টাগ্রামে দাবা খেলার ছবি প্রকাশ করে নাটালি লিখেছিলেন, ‘হেনরিকে কিছু দাবা খেলা শেখাচ্ছিলাম… অথবা… হয়তো সে আমাকে জিততে দিয়েছে?’