সুযোগ না পাওয়ার আক্ষেপ সেঞ্চুরির পর বিজয়ের কন্ঠে

স্পোর্টস ডেস্ক :
বিপিএলে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছিল দুর্বার রাজশাহী। খুলনার দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৭ রানে হেরেছে রাজশাহী। রাজশাহীকে জয়ের খুব নিকটে গিয়েছিলেন এনামুল হক বিজয়। অপরাজিত সেঞ্চুরি করেছেন তিনি, তবে বিপিএলে নিজের প্রথম শতকের দেখা পেলেও বিজয়কে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচ জিততে না পারার অতৃপ্তি নিয়ে।

এদিকে গতকাল বিজয় সেঞ্চুরি করেন ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায়। উইকেটের চারপাশে আন-অর্থোডক্স শট খেলে দলকে জয়ের আশা দেখিয়েছিলেন তিনি। সেঞ্চুরির পর তিনি কথা বলেছেন নিজের এই ইনিংস নিয়ে।

নিজের ইনিংস নিয়ে বিজয় বলেন, ‘আসলে আমার ইনিংস নিয়ে বিশেষ কিছু বলার নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কতটুকু ক্লোজে (জয়ের কাছাকাছি) নিয়ে যাওয়া যায়, রান রেট কত চলছে। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ম্যাচ জেতাতে পারলে আলাদা শান্তি লাগত। এমন ম্যাচ জেতাতে পারা কিন্তু ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার। সবার আশা থাকে ক্যারিয়ারে এমন পাঁচ-ছয়টা ম্যাচ সে জেতাবে। তাই আফসোস থেকে যাবে।’

বিজয় আরও বলেন, ‘আমরা যেসব ইনিংস দেখি, এর পেছনে বলবয়, কোচ, থ্রোয়ার, যাঁরা কাছের মানুষ আছেন, তাঁদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সেই সকাল থেকে অনুশীলন করি। এটা ৩৬০ ডিগ্রি বলেন বা আন–অর্থোডক্স শট বলেন, এগুলো সুযোগ ব্যাটসম্যানের জন্য। খেলার সময় ভেবেছি, কীভাবে পাওয়ারপ্লে শেষে বাউন্ডারি বের করতে পারব।’

এদিকে বিজয় জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটারদের খুব বেশি লিগে খেলার সুযোগ না পাওয়ার কথাও। তিনি বলেন, ‘মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান যেসব ইনিংস খেলছে (সেগুলো দারুণ)। শামীম দারুণ ইনিংস খেলেছে, আজকে (গত রাতে) আফিফ ভালো খেলেছে। আমাদের ছেলেরা কিন্তু বাইরের লিগে অত সুযোগ পায় না। বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি কম খেলে। সাকিব ভাই, মুশফিক ভাই, মোস্তাফিজ, তাসকিনদের খেলতে দেখেছি কিছু কিছু।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের জাতীয় দলে খেলেন না, তাঁরাও কিন্তু বিগ ব্যাশ, আইপিএল খেলছেন। তাঁরা কিন্তু বড় প্লেয়ারে পরিণত হচ্ছেন। আমাদের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি রয়েছে। যখন এই ম্যাচগুলো হয়, তাঁরা নিজেদের প্রমাণ করার সুযোগ পান। যে নামগুলো বললাম, তাদের সামর্থ্য আছে। প্রতিভার চেয়ে পারফরমার বেশি জরুরি। ছোট ইনিংস যদি বড় করা যায়, ধারাবাহিক হতে পারে, তাহলে ভালো খেলোয়াড় হয়ে উঠবে। তারা দারুণ ক্রিকেট খেলছে, নিজেরা বড় ক্রিকেটারে পরিণত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *