আবারো ইসরায়েলে হামলা পশ্চিমতীরে অভিযান বন্ধ না করলে : হুথি

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শহরে হামলা বন্ধ না করলে আবারো ইসরায়েলি অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে হুঁশিয়ার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

ইসরায়েলের একটি গণমাধ্যম ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এই হুমকির খবর প্রকাশ করেছে। খবর ইরনার।

ইসরায়েলি ‘হাদশুত বাজমান’ বা ‘সময়সীমা’ নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিমতীরে অভিযানের নামে নৃশংসতা অব্যাহত রাখলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করবে ইয়েমেন।

ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা শুরু করে। কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছেন।

জেনিনে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত ও ৪০ জন আহত হয়েছেন। অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতিরোধে গত চার দিনে এক ইসরায়েলি সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আলআকসা তুফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিমতীর ও বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজায় ইসরায়েলি নৃশংসতার জবাব দেয়া শুরু করেন।
এ সময় ইসরায়েলি সেনাদের হামলায় শত শত ফিলিস্তিনি পশ্চিম তীরে শহীদ ও আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *