জ্যেষ্ঠ প্রতিবেদক :
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আমিন (২২), শাকিব হোসেন (২১), পারভেজ আহমেদ জুয়েল (৩৮), কবির হোসেন (২৪), মোরশেদ আলম (৩০), আকাশ মোল্লা (২৬), রাকিব (১৯) ও জিয়া (২০)।
শুক্রবার ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরা-পশ্চিম থানা সূত্র জানায়, গত বুধবার রাত ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১০ নং সেক্টরস্থ কামারপাড়া বাসস্টান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালায় পুলিশ। এসময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্তকালে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত এই আটজনকে আজ শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। প্রাথমিকভাবে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।