স্পোর্টস ডেস্ক :
২০২২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আর্শদীপ সিংয়ের। তরুণ এই পেসারকে নিয়ে আগে থেকেই বেশ আশা ছিল সকলের। সেই আশার প্রতিদানও আর্শদীপ দিয়েছেন বেশ ভালোভাবেই। এবার নিজের অবদানের স্বীকৃতি হিসেবে জিতলেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব।
২০২৪ সালেই মূলত আন্তর্জাতিক অঙ্গণে টি-টোয়েন্টির আদর্শ বলার হিসেবে নিজের জাত চিনিয়েছেন আর্শদীপ। ঝাঁকে ঝাঁকে উইকেট শিকার করেছেন তরুণ এই পেসার। নতুন বলে যেমন তিনি পারদর্শী তেমনি ডেথ ওভারেও বেশ মিতব্যয়ী তিনি।
২০২৪ সালে আর্শদীপ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোট ১৮টি। ১৮ ম্যাচেই তিনি নিয়েছেন ৩৬ উইকেট। ট বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়েই আইসিসির শিরোপা খরা কাটিয়েছে ভারত। আর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্শদীপ।
নতুন বলে পাওয়ার প্লের সময়ে এবং ডেথ ওভারে বোলিং করলেও আর্শদীপ বছর শেষ করেছেন ১৫.৩১ গড়ে ৭.৪৯ ইকোনমি রেট নিয়ে। বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন আর্শদীপ।
এছাড়া ফাইনালে ভারতের সংগ্রহ ডিফেন্ড করার সময়েও চার ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন ২৫ বছর বয়সী এই পেসার। বছর জুড়েই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দারুণ এই অবদানের স্বীকৃতি হিসেবে এবার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতীয় এই পেসার।