অন্য পেশায় যেতে বললেন উপদেষ্টা প্রাথমিকের শিক্ষকদের বেতনে না পোষালে

নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাকে শুধু অর্থমূল্যে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় বেতন-ভাতা, পদোন্নতিতে না পোষালে শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে অন্য পেশায় চলে যাওয়ার কথা বলেন তিনি।

রোববার (২৬ জানুয়ারি) নগরীর চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে তিনি সার্কিট হাউজের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাইমারি এডুকেশন সেক্টরে আমরা অনেক ভালো ভালো শিক্ষক পাচ্ছি। তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শ্রেণিকক্ষে আমরা সেটার ফলাফল পাচ্ছি না।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকতায় এসে আফসোস করে। আমি আমার পেশায় ফাঁকি দিচ্ছি কিনা, ক্লাসে ফাঁকি দিচ্ছি কিনা; সেটা ভাবতে হবে। ফাঁকি দিয়ে কিন্তু কোনো মহৎ কাজ হয় না। প্রাইমারি স্কুলের শিক্ষক পদের গুরুত্ব কিন্তু অনেক বেশি। অর্থমূল্যে এটার বিচার হবে না। কারণ, একটি শিশুর মানুষ হয়ে ওঠার প্রাথমিক পাঠটুকু সে পাচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছ থেকে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, বিভাগীয় পরিচালক আতাউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *