স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। স্বাগতিকরা গতকাল খেলতে নেমেছিল দ্বিতীয় ম্যাচে। আগে ব্যাট করে গোউতম গম্ভীরের শিষ্যদের ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংলিশরা। লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে হারের শঙ্কা জেগেছিল সূর্যকুমার যাদবদের। তবে তিলক ভার্মার হার না মানা ৭২ রানের ইনিংসের সুবাদে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে ভারত।
গতকাল ভারতকে জেতানো তিলক মূলত আগ্রাসী ব্যাটার হিসেবেই বেশি পরিচিত। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই দুই ম্যাচেই তিনি ছিলেন অপরাজিত। এমনকি তিলক নিজের সবশেষ ৪ টি-টোয়েন্টিতেই অপরাজিত ছিলেন। ৪ ম্যাচে ১৭৪ বল খেলে করেছেন ৩১৮ রান।
তবে মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত হলেও তিলক মূলত কাল খেলেছেন দেখেশুনে ম্যাচের পরিস্থিতি বুঝে। অযথা তাড়াহুড়া করেননি তিনি, দল দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর হাল ধরেছেন তরুণ এই ব্যাটার। প্রতিপক্ষের বোলারদের দেখেশুনে খেলে শেষ পর্যন্ত দলকে জিতিয়েছেন তিনি। বুদ্ধিদীপ্ত ইনিংস খেলে তাই প্রধান কোচের প্রশংসায় ভাসছেন তিনি।
৭২ রানের অপরাজিত ইনিংস খেলা তিলকের কাছ থেকে সবার শেখা উচিত জানিয়ে ভারতের প্রধান কোচ গম্ভীর বলেন, ‘তিলক যেভাবে ব্যাট করছে, তাতে আমি খুবই খুশি। ওর কাছ থেকে সবারই কিছু শেখার আছে। ওর মতন একজন তরুণ যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে তা দেখাটা দারুণ।’
এদিকে তিলক জানিয়েছেন, কোচের কথা মত খেলেই সফল হয়েছেন তিনি। তিলক বলেন, ‘উইকেটে দুই রকম গতি ছিলো। একের পর এক উইকেট পড়ছিল। গতকাল গৌতম স্যার বলছিলেন, “যাই হোক পরিস্থিতি বুঝে খেলবে। খোলা মন নিয়ে ব্যাট করা দরকার। যদি ওভার প্রতি ১০ করে লাগে তাহলে মারতে হবে, যদি সাত-আট লাগে ওভারে একটা বাউন্ডারি হলেই এক-দুই নিয়ে খেলা যাবে।” আমি সেই চেষ্টাই করেছি।’