স্পোর্টস ডেস্ক :
বিপিএলের এবারের আসরে অন্যতম আলোচিত-সমালোচিত দল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বেশ আলোচনায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তনের পর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কটের মতো ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই টানা তিন ম্যাচ জয়ের পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান।
মিরপুরে গত রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর শফিক কথা বলেছেন দেশের খেলার সম্প্রচারক টি-স্পোর্টসের সঙ্গে। সেখানে রাজশাহীর মালিক বলেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’
বিদেশি খেলোয়াড়দের ম্যাচে বয়কটকে ভুল বোঝাবুঝি বললেন তিনি, ‘বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’’ সে সঙ্গে বললেন দেখিয়ে দিতে চান তিনি,‘‘ ‘অনেকে অনেক কথা বলেছেন। তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। দেখিয়ে দেব আমরা।’
রাজশাহী শুরুতে ৯ ম্যাচ থেকে জিতেছিল মোটে ৩টিতে। তবে শেষ দিকে জয়ের হ্যাটট্রিক করে দলটা চলে এসেছে প্লে অফের খুব কাছে। অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসলেই শেষ চারে চলে যাবে দলটা।
দলটা এমন কীর্তি গড়েছে তাসকিনের অধীনে। অধিনায়কের প্রশংসা করে শফিকুর বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেনসি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’