মধুমিতা সিনেমা হল বন্ধ হচ্ছে

বিনোদন ডেস্ক
লোকসানের বোঝা বইতে না পেরে কয়েক বছর ধরে মাঝে মাঝে বন্ধ রাখা হয় মধুমিতা সিনেমা হল। এবার তা একেবারে বন্ধ হচ্ছে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে ত চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি।’

আরও বলেন, ‘এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দেব।’

প্রদর্শক সমিতির সাবেক এই সভাপতি বলেন ‘উৎসব ছাড়া তো সিনেমা চলে না, দর্শক আসে না। দেশি-বিদেশি কোনো সিনেমাই চলছে না। শুধু সিংগেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সেরও তো একই অবস্থা এখন। তাদেরও তো এখন কোনো সিনেমা সেভাবে চলছে না।’

সবশেষে মধুমিতার কর্ণধার বলেন, ‘এটা ভেঙে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার।’
মধ্মিতা সিনেমা হল রাজধানীর প্রাচীন একটি হল। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর এটি পথচলা শুরু করে। একসময় দর্শকের ভিড়ে রমরমা থাকলেও এখন দর্শক খরায় বন্ধ হচ্ছে হলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *