পরীমণি নিরবের ‘গোলাপ’-এ সুবাস ছড়াবেন

বিনোদন ডেস্ক :
গেল ১৯ জানুয়ারি, সকাল নয়টা বেজে পাঁচ মিনিট। গোটা শহর জেগে উঠেছে। জীবিকার তাগিদে ছুটছে মানুষ। ঠিক তখন সামাজিক মাধ্যমে ভেসে ওঠে এক যুবকের ছবি। নেশাগ্রস্ত ঢুলু ঢুলু চোখ, গলায় রক্তের ছোপ, হাতে আগ্নেয়াস্ত্র।

সেদিন সকালে এভাবেই সরব হন চিত্রনায়ক নিরব। জানান, ‘গোলাপ’ হয়ে আসছেন তিনি। তবে ছবিটির নায়িকা কে হবেন উত্তরটি ছিল অজানা। এবার জানা গেল, নিরবের গোলাপে যুক্ত হয়েছেন পরীমণি। এতে করে বলা যায়, নিরবের ‘গোলাপ’-এ সুবাস ছড়াবেন পরীমণি।

নতুন এই সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।’

পরিচালক সামছুল হুদা বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাঁকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’

গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি। এতে রূপা চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *