ভারতের নিন্দা ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায়

আন্তর্জাতিক ডেস্ক :
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভারত সরকার এই বিবৃতি দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ভারতের বিবৃতিতে বলা হয়, ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’ এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয় বলে মনে করে ভারত।

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *