বিনোদন ডেস্ক :
ব্রিটিশ গায়ক এড শিরানের গানে বাধা দিয়ে বিপাকে পড়েছে ভারতীয় পুলিশ। সামাজিক মাধ্যমে প্রশাসনকে এক হাত নিচ্ছেন নেটিজেনরা। এমতাবস্থায় মুখ খুললেন ভারতীয় পুলিশ।
বেঙ্গালুরুর ডিসিপি সেন্ট্রাল সংবাদসংস্থা এনআইএ-কে জানান, “অনুষ্ঠানের এক আয়োজক আমাদের সঙ্গে দেখা করেন। অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আমরা জানিয়েছিলাম চার্চ স্ট্রিটে এমনিতেই ভিড় হয় অনেক বেশি। সে কারণে ওই জায়গায় কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।”
তবে নেটিজেনদের এত সমালোচনার মাঝে কোনওভাবে শিল্পী কিংবা আয়োজক সংস্থার তরফে একথা একবারও বলা হচ্ছে না বলে উষ্মাপ্রকাশ করেন পুলিশ আধিকারিক।
ভারতের বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে খালি গলায় গাইছিলেন এড শিরান। শ্রোতারা তাকে ঘিরে ধরে শুনছিলেন গান। এমন সময় হাজির বেরসিক পুলিশ। এডের গান বন্ধ দেয় তারা। মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ।
মিউজিক্যাল ট্যুর নিয়ে সদ্য ভারতে পা রেখেছেন এড শিরান। ভারত সফরে মোট ৬টি শহরে কনসার্ট করার কথা ব্রিটিশ পপস্টারের। এবার বেঙ্গালুরুতে শো করার প্রাক্কালে বিপাকে পড়তে হলো তাকে।