স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত এক জয় পেয়েছিল ভারত। ১-০ ব্যবধানে লিড নেওয়া রোহিত শর্মার দল আজ মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে।
কটাকে স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে আগে ব্যাট করেছে ইংলিশরা। বেন ডাকেটের ৬৫ এবং জো রুটের ৬৯ রানের ইনিংসের পর দলীয় প্রচেষ্টায় ৩০৪ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের শতকে ৩৩ বল হাতে রেখে চার উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতেছে স্বাগতিকরা।
কটাকে সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে হতাশ করেছেন বিরাট কোহলি। ৮ বলে ৫ রান করে আদিল রশিদের আবার এজ হয়ে ফিল সল্টের গ্লাভসে ধরা পড়েন মাত্র ৫ রান করে।
তার আগে গিলকে নিয়ে রোহিতের ১৩৬ রানের জুটি দারুণ শুরু এনে দেয় ভারতকে। গিল ৫২ বলে ৯ চার ও ১ ছয়ে জেমি ওভারটনের প্রথম ওভারে বোল্ড হন।
এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন রোহিত। ৭৬ বলে ৯ চার ও ৭ ছয়ে ৩২তম সেঞ্চুরি করেন তিনি। শেষবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেন রোহিত, ১৩ ম্যাচ আগে। ৯০ বলে ১২ চার ও ৭ ছয়ে ১১৯ রান করেন ভারতীয় ওপেনার।
শ্রেয়াস আরও ব্যবধান কমিয়ে ৪৪ রানে থামেন। এরপর লোকেশ রাহুল (১০) ও হার্দিক পান্ডিয়াকে (১০) নিয়ে লক্ষ্যে ছুটতে থাকেন অক্ষর প্যাটেল।
৪৫তম ওভারের তৃতীয় বলে ভারতের জয় নিশ্চিত হয়। ৬ উইকেটে ৩০৮ রান করে তারা। ৪১ রানে অক্ষর ও ১১ রানে জাদেজা অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার মিলে শুরুটা করেছিলেন দুর্দান্ত। ফিল সল্ট ও ডাকেট মিলে গড়েছিলেন ৮১ রানের উদ্বোধনী জুটি। তবে ব্যক্তিগত ২৬ রানেই বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ দিয়ে আউট হন সল্ট।
তবে সল্ট ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার ডাকেট। ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলে তিনি ফিরে যান সাজঘরে। এরপর দলের হাল ধরেন রুট। হ্যারি ব্রুকের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েছিলেন রুট, ৫২ বলে ৩১ রান করে ব্রুক আউট হন হর্ষিত রানার বলে ক্যাচ দিয়ে। তবে ব্রুক ফিরলেও রুট খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস।
ব্রুক ফেরার পর অধিনায়ক জশ বাটলারের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন রুট। ৭২ বলে ৬৯ রান করে রুট আউট হন রবীন্দ্র জাদেজার বলে বিরাট কোহলির মুঠোবন্দী হয়ে। এরপর বাটলারের ৩৫ বলে ৩৪ আর লিয়াম লিভিংস্টোনের ৩২ বলে ৪১ রানের ইনিংসের সুবাদে ৪৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে ৩০৪ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।