বিনোদন ডেস্ক
‘আমি বাংলায় গান গাই’ খ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটাপন্ন। কলকাতার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় গায়কের। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আপাতত জ্ঞানহীন আছেন প্রতুল। নিউমোনিয়াতেও আক্রান্ত।
এদিকে তার পাশে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গতকাল সোমবার তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েই ক্ষান্ত থাকেননি। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে হাসপাতালে পাঠিয়েছেন গায়কের খবর নিতে।
এর আগে গত ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে অসুস্থ সংগীতশিল্পীকে দেখতে যান মমতা। হাসপাতালে গিয়ে সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন তিনি। তার গলায় আমি ‘বাংলার গান গাই’ গানটিও শোনেন মুখ্যমন্ত্রী।
সপ্তাহখানেক আগে শারীরিক অবস্থার অবনতি ঘটে প্রতুলের। পরে চিকিৎসকরা বুঝতে পারেন তার হার্ট অ্যাটাক হয়েছে। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই ধরা পড়ে, ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে। বর্তমানে একেবারেই নিস্তেজ গায়ক।