বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দুই ঘণ্টাব্যাপী

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডন থেকে অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন।

এর আগে সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও সেসব ইস্যু নিয়েই আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *