উঠে এলো উপস্থাপকের বর্ণনায়, কী ঘটেছিল জেমসের কনসার্টে

বিনোদন ডেস্ক :
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপের মুখে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ আহত হন ২৫-৩০ জন।

ঘটনাটি কনসার্টের উপস্থাপক শ্রাবণ্য তৌহিদার চোখের সামনে ঘটেছে। সামাজিক মাধ্যমে তিনি তুলে ধরেছেন বিষয়টি। নিজের ফেসবুকে শ্রাবণ্য লেখেন, ‘কথা ছিল ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তির গৌরবময় উদযাপনের। অথচ তা যা রূপ নিল এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতায়। একটি ওপেন এয়ার কনসার্টের জন্য মানুষ তুমুল উত্তেজনা নিয়ে অপেক্ষা করলেও তা শেষ হলো বিশৃঙ্খলা ও ভয়ের মধ্য দিয়ে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘আমি র‍্যাফেল ড্র পরিচালনা করছিলাম। নাগর বাউল জেমস পারফর্ম করতে যাচ্ছিলেন। ঠিক তখন আমার সামনে বড় একটি পাথর এসে পড়ল। মুহূর্তেই বদলে গেল সব। ১৫ হাজারের মতো মানুষ অনুষ্ঠানের ভেন্যুতে প্রবেশের চেষ্টা করছিল। এতে মাথায় আঘাত লাগে ১৫ জনের মতো ছাত্রের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা নিয়ে ভয়, আতঙ্কে তিন ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে ছিল সবাই। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হয় আয়োজকদের।’

আরও লেখেন, ‘আমি পারিশ্রমিক পেয়েছি। জেমস ভাইও পেয়েছেন। কিন্তু অর্থ দিয়ে মানসিক যন্ত্রণা, হতাশা নিরাময় সম্ভব না। যারা আহত হয়েছেন তাদের আঘাত এবং হাজার হাজার মানুষ যে ধৈর্য নিয়ে নাগর বাউল জেমসের গানের জন্য অপেক্ষা করেছিলেন তাদের মন ভাঙার ক্ষতিপূরণ দেওয়া যাবে না।’

দেশের রাজনৈতিক অবস্থার কারণে স্থগিত আলী আজমত-জেমসের কনসার্ট
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে জেমসের সংগীত পরিবেশনের কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। তাদেরকে ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা পাশের রাস্তা মুজিব সড়কে অবস্থান নেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে গানের পরিবেশনা দেখার জন্য বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে বহিরাগতরা দেওয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। এ সময় স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

পরিস্থিতির অবনতি হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন, উদ্ভূত পরিস্থিতির কারণে জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *