নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১টি দল নিয়ে গঠিত জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে চরম পর্যায়ের টানাপোড়েন চলছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই জোটের আসন সমঝোতার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যেই জোটের অন্যতম বড় দল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দলটি শেষ পর্যন্ত ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারে বলে জানা গেছে।
বিএনপিবিরোধী বলয়ে গড়ে ওঠা শক্তিশালী এই জোটের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরেই আসন সমঝোতা নিয়ে চলছে টানাপোড়েন। বারবার ঘোষণা দিয়েও কে কতটি আসনে লড়বে সেটা জানাতে পারেনি এই জোট। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাত পর্যন্তও আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি। আজ আবার দলগুলোর নেতাদের বসার কথা রয়েছে। সেখানে বিষয়টি সুরাহা হলে বিকেলেই ঘোষণা আসতে পারে এই জোটের আসন সমঝোতার।
১১ দলের মধ্যে বেশির ভাগ দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সুরাহা করতে পারেনি জামায়াতে ইসলামী। দলটিকে জামায়াত যে কয়টি আসনে ছাড় দিতে চায় এর চেয়ে তাদের চাহিদা অনেক বেশি। কাঙ্ক্ষিত আসন না পেলে ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ইসলামী আন্দোলন দলের শুরা সদস্য এবং নির্বাচনে প্রার্থীদের নিয়ে বৈঠক করেছে। সেখানে মর্যাদার্পূর্ণ আসন না পেলে জোট থেকে সরে যাওয়ার দাবি জোরালোভাবে উঠেছে। এককভাবে নির্বাচন করার দাবিই জানিয়েছেন বেশির ভাগ নেতা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও হাতপাখা এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছে।
তবে বিষয়টি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ওপর ছেড়ে দিয়েছেন দলের নেতারা। ইসলামী আন্দোলন আজ তাদের নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।