বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বড় দুঃসংবাদ, ছিটকে গেলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
পিঠের চোটের কারণে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার বদলে চূড়ান্ত ১৫ জনের দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। পাশাপাশি বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ম্যাথিউ শর্ট; স্পিন সামলাতে সক্ষম বাঁহাতি ব্যাটার হিসেবে দলে ঢুকেছেন ম্যাট রেনশ। স্টিভেন স্মিথের জন্যও জায়গা হয়নি।

চোট কাটিয়ে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠেছেন জশ হ্যাজলউড, টিম ডেভিড ও ন্যাথান এলিস। অ্যাশেজের আগে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসে চোট পাওয়ার পর আর খেলেননি হ্যাজলউড। ডেভিড ও এলিসও হ্যামস্ট্রিং সমস্যায় বিগ ব্যাশ ও পাকিস্তান সিরিজের বড় অংশ মিস করেছিলেন।

কামিন্সকে প্রাথমিক দলে রাখা হয়েছিল শুরুতে ‘ক্যারী’ করার পরিকল্পনায়। তবে জানুয়ারির স্ক্যান ইতিবাচক হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় লাগবে। ধারণা করা হচ্ছে, আইপিএলের সময় নাগাদ তিনি ফিট হবেন। গত জুলাইয়ে লাম্বার স্ট্রেস ইনজুরির উপসর্গ দেখা দেওয়ার পর থেকে খুব কম খেলেছেন তিনি; ডিসেম্বরে অ্যাডিলেড টেস্ট ছিল সেই সময়ের একমাত্র ম্যাচ।

নির্বাচক টনি ডোডেমেইড বলেন, “প্যাটের আরও সময় প্রয়োজন। বেন ডোয়ারশুইস প্রস্তুত বিকল্প, বাঁহাতি পেস, ভালো সুইং, ভিন্নতা আর শেষদিকে ব্যাটিং ও ফিল্ডিং- সব মিলিয়ে দলীয় ভারসাম্যে মানানসই।”

রেনশকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “টপ অর্ডার স্থিতিশীল। শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে স্পিন সহায়ক কন্ডিশন আশা করছি। সেখানে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার হিসেবে রেনশ বাড়তি সহায়তা দেবে, বিশেষ করে টিম ডেভিড টুর্নামেন্টের শুরুতে ‘রিটার্ন-টু-প্লে’ প্রোগ্রামে থাকায়।”

স্টিভেন স্মিথের সাম্প্রতিক বিগ ব্যাশ ফর্ম সত্ত্বেও তাকে নেওয়া হয়নি। ২০১৯ সালের পর থেকে টি–টোয়েন্টিতে বল না করা স্মিথকে দেখা হচ্ছে ‘নন-বোলিং ওপেনার’ হিসেবে। অথচ ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার জুটি স্থির- মিচেল মার্শ ও ট্রাভিস হেড। ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলও প্রয়োজনে ওপেন করতে পারেন। রেনশ গত কয়েক বছরে ৩–৫ নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছেন, এমনকি পার্ট-টাইম অফস্পিনেও অবদান রেখেছেন।

উইকেটকিপার হিসেবে দলে একমাত্র জশ ইংলিস। তবু কোচিং স্টাফে থাকা সাবেক কিপার ম্যাথিউ ওয়েড জরুরি প্রয়োজনে ‘ব্যাকআপ’ হিসেবে প্রস্তুত থাকবেন বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *