ভোটের মাঠে সতর্ক ও সংগঠিতভাবে কাজের নির্দেশনা তারেক রহমানের

বগুড়া জেলা প্রতিনিধি,

ভোটের মাঠে সতর্ক ও সংগঠিতভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচনি প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে তিনি এই দিকনির্দেশনা দেন। এরপর তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, বেলা ১১টায় শহরের নাজগার্ডেন হোটেলের বলরুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাখতুম আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বগুড়া-১ (সারিয়াকান্দী–সোনাতলা) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনের মুহিত তালুকদার, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে তারেক রহমান সড়কপথে সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন। টাঙ্গাইলে দলীয় জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *