নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পূর্ব রামপুরায় একটি ভবনের ছাদে সিঁড়ি ঘরের পাশে পানির ট্যাংকের পাইপ লাইনে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানাচ্ছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মো. হাসান ভূঁইয়া পূর্ব মালিবাগের মৃত মজিদ ভুঁইয়ার ছেলে। বর্তমানে তিনি পূর্ব রামপুরার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, আশপাশের লোকের মুখে জানতে পারি নিহতের স্ত্রীর সঙ্গে গতকাল রাতে ঝগড়া হয়। এই নিয়ে তাদের ঘরের ইন্টারনেট রাউটারসহ অন্যান্য আসবাবপত্র ছোড়াছুড়ি করে ভেঙে ফেলা হয়। আমরা খবর পেয়ে পূর্ব রামপুরার একটি বাসা ছাদের উপরে সিঁড়ি ঘরের পাশে পানির ট্যাংকের পাইপের সঙ্গে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এ সময় তাকে কাপড়ের টুকরা দিয়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
এসআই মাহবুব বলেন, মৃত্যুর সঠিক কারণ বের করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।