ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মন্ত্রীসভায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা রাখেন। আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিসিবি। যাতে দেশের সব স্তরে খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ নিশ্চিত করা যায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল। তবে নির্বাচনে পাস করতে পারেননি তিনি, হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে। নির্বাচনে হারলেও টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *