প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা চিঠিতে যা লিখেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নেওয়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ত্রী ও কন্যাসহ সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শপথ গ্রহণের পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। এসময় তিনি নরেন্দ্র মোদির চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিএনপির জয় এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই পদে আপনার সাফল্য কামনা করি।’

তারেক রহমানের নেতৃত্ব দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করে মোদি বলেন, ‘এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। এই বিজয় দেশকে শান্তি, স্থিতিশীল ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আপনার ভিশনের প্রতি এক বিশাল জনসমর্থনও।’

দ্বিপক্ষীয় সম্পর্ক তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী চিঠিতে আরও লেখেন, ‘এই সম্পর্কের ভিত্তি হলো আমাদের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের উভয় দেশের মানুষের আকাঙ্ক্ষা।’

ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও যৌথ আকাঙ্ক্ষার ওপর গড়ে ওঠা গভীরভাবে প্রোথিত বন্ধুত্বের আশাবাদ পুনর্ব্যক্ত করে মোদি আরও বলেন, ‘দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে; একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।’

তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে মোদি লেখেন, ‘আমি এই সুযোগে আপনাকে, জুবাইদা রহমান ও আপনার কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।’

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *