বিএনপি সরকারকে শুভেচ্ছা ডিসিসিআইয়ের, অর্থনীতি পুনরুদ্ধারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:


ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা পেয়ে নবগঠিত বিএনপি সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শীর্ষ ব্যবসায়িক সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পাশাপাশি দেশের অর্থনীতি অগ্রাধিকার ভিত্তিতে পুনরুদ্ধারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে নতুন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

ডিসিসিআই বলছে, বহুল প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্খিত প্রতিনিধি নির্বাচন করেছেন, যারা আগামীতে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম।

ডিসিসিআই বিশেষভাবে আহ্বান জানিয়েছে, দ্রুত কার্যকর নীতি ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার দিতে হবে।

সংগঠনটি উল্লেখ করেছে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পারস্পারিক শুল্কারোপ এবং আভ্যন্তরীণ সংকটের কারণে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ ও রপ্তানি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রগতি অর্জিত হয়নি। বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এসএমই খাত, যা প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ কমিয়েছে এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে।

ডিসিসিআই সতর্ক করেছে, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, এনবিআর সংস্কারে অচলাবস্থা, জ্বালানি ও ঋণ প্রাপ্তিতে সমস্যা, সুদের উচ্চহার এবং প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব বেসরকারি খাতের অগ্রগতি মারাত্নকভাবে বাধাগ্রস্ত করেছে।

সংগঠনটি মনে করে, দেশের সার্বিক অর্থনীতি গতিশীল রাখতে এবং শিল্প ও বাণিজ্য খাতে প্রতিবন্ধকতাসমূহ নিরসনে নব-নির্বাচিত সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *