নিজস্ব প্রতিবেদক:
জুলাই বিপ্লবীদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমন দাবিই করেছেন এনসিপির এই শীর্ষ নেতা।
পোস্টে সিফাত লিখেছেন, ‘আমার মোবাইল নাম্বার, পারিবারিক ঠিকানা এবং অন্যান্য ডিটেইলস সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী লীগ। ইতোমধ্যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরতঃ ডেথথ্রেট, হামলা এবং পরিবারের ওপর আঘাতের হুমকি দেওয়া হচ্ছে।’
এ ঘটনায় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমি পুলিশের কাছে এই ব্যাপারে মামলা করতে যাচ্ছি। সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকেও জানিয়েছি।’
সিফাত আরও লেখেন, এই গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের মোকাবিলায় আমি আপনাদেরকে পাশে চাই। আমরা এই খুনীচক্রকে একসঙ্গে প্রতিহত করব, ইনশাআল্লাহ! ইনকিলাব জিন্দাবাদ!’
টেলিভিশন টক শো’তে বেশ পরিচিত মুখ সালেহ উদ্দিন সিফাত। তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এনসিপির অনেক নেতাসহ সামাজিক মাধ্যমের অনেকেও এর নিন্দা জানিয়েছেন।