বিনোদন ডেস্ক :
শুক্রবার নিজের বাড়ি থেকে বলিউড পরিচালক এমএম বেগের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহকারী পরিচালক হিসাবে শোবিজে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। হৃতিক রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে সংলাপ বলাও শেখান তিনি। জানা যায়, অভিনেতা হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশের আগে পরিচালকের কাছে সংলাপ বলা শিখেছিলেন হৃতিক।
বেগের মৃত্যুতে শোকবার্তায় হৃতিক বলেন, ‘আমার প্রিয় বেগজি, একজন অভিনেতা হিসেবে ক্যারিয়ারের শুরুতে আমার যে শিক্ষার প্রয়োজন ছিল তা আপনার কাছেই পেয়েছি। তার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমার আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করেছেন। নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার লজ্জা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্বলতাকে শক্তিতে পরিণত করতেও সাহায্য করেছেন। আমি হারিয়ে গিয়েছিলাম এবং আপনি আমাকে পথ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। তখন আমার মাত্র ১৮ বছর বয়স।’
সবশেষে হৃতিক আরও লেখেন, ‘আপনার শেখানো পাঠগুলো এখনও অনুশীলন করি। আমি আপনাকে মিস করব। শান্তিতে ঘুমান, আমার শিক্ষক।’
বলিউডে একটা সময় একাধিক পরিচালকের সঙ্গে কাজ করলেও শেষ জীবনে একা হয়ে যান এম এম বেগ। দীর্ঘ ক্যারিয়ারে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইস ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ ও ‘কিশন কানহাইয়া’-এর জনপ্রিয় সিনেমার সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন তিনি।