বিচ্ছেদের ঘোষণা দিয়ে ভারতীয় ক্রিকেটার ‘নিজেকে বোঝার আগেই বিয়ে হয়েছিল’

স্পোর্টস ডেস্ক
ভারতীয় লেগ স্পিনার রাহুল চাহার তার ব্যক্তিগত জীবনে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন ফ্যাশন ডিজাইনার ইশানি জোহারকে। ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় হয়েছিল তাদের বিয়ে। কিন্তু এই সম্পর্ক বেশিদিন টেকেনি, চার বছরেরও কম সময়ের মধ্যে এসেছে বিচ্ছেদ।

২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটা আবেগপূর্ণ পোস্ট করে রাহুল নিজেই জানিয়েছেন যে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে এবং তাদের বিয়ের অধ্যায় এখন পুরোপুরি বন্ধ। তিনি লিখেছেন, গত ১৫ মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আদালতে অনেক সময় কাটাতে হয়েছে, যা তাকে ধৈর্য, মানসিক শক্তি আর সত্যের গুরুত্ব শিখিয়েছে।

রাহুল লেখেন, ‘আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি, যখন নিজেকে, নিজের মূল্যবোধ বা আমি কেমন জীবন গড়তে চাই; সেটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এরপর এমন কিছু বছরের মুখোমুখি হয়েছি, যা কখনও কল্পনাও করিনি। গত পনেরো মাস কেটেছে আদালতে; ধৈর্য, স্থির মনোভাব এবং সত্যের শক্তির শিক্ষা পেতে পেতে।’

রাহুলের কথায়, খুব অল্প বয়সে বিয়ে করায় নিজেকে, নিজের চাওয়া-পাওয়া বা জীবনের লক্ষ্য পুরোপুরি বোঝার আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা কখনো ভাবেননি। তবে তিনি রাগ বা আক্ষেপ নিয়ে এই সম্পর্ক শেষ করছেন না। বরং স্পষ্টতা আর পরিণত মন নিয়ে এগোচ্ছেন। ‘এই অধ্যায় রাগ বা আক্ষেপ নিয়ে শেষ করছি না, বরং স্পষ্টতা নিয়ে। কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয়, তা আমাদের নতুন করে জাগিয়ে তুলতে, শিক্ষা দিতে এবং বদলে দিতে আসে। আমি এখন আরও সচেতন ও পরিণত, এবং জানি আমি কেমন জীবন গড়তে চাই।’

ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকালে, রাহুল চাহার ২০২১ সালে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন। দেশের জার্সিতে তার সাদা বলের ম্যাচ মাত্র সাতটা। তবে আইপিএলে তার অভিজ্ঞতা অনেক। এখন পর্যন্ত ৭৯ ম্যাচে ৭৫ উইকেট নিয়েছেন। ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপাজয়ী দলে ছিলেন। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র এক ম্যাচ খেলে উইকেট পাননি।

এখন তার সামনে নতুন সুযোগ চেন্নাই সুপার কিংস। ২০২৬ আইপিএল নিলামে (মিনি অকশন) চেন্নাই তাকে ৫.২ কোটি টাকায় দলে নিয়েছে। আসন্ন আইপিএলে এমএস ধোনির দলে স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *