ক্রীড়া প্রতিবেদক ;
প্রথম শ্রেণির ক্রিকেট না থাকায় টেস্টও খেলতে পারছিলেন না বাঘিনীরা। অবশেষে সেই আক্ষেপ ফুরাচ্ছে। আগামীকাল থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চার দলের অধিনায়কদের নিয়ে হয়ে গেল ট্রফি উন্মোচন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজশাহীতে তিনদিনের ম্যাচের টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়। মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল দলের অধিনায়ক নিগার সুলতানা জোতি, শোভনা মোস্তারি, ফাহিমা খাতুন এবং রাবেয়া খান এ সময় উপস্থিত ছিলেন।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আকতার জামিল। অতিথি হিসেবে আরো থাকবেন জাতীয় নারী ক্রিকেট দলের উইং ও টাইগারদের অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
উদ্বোধনী দিন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল।
এরপর ২৬ ডিসেম্বর দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ মাঠে গড়াবে, ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল একইদিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে খেলতে নামবে।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী দল। এর মাঝেই চলবে এই টুর্নামেন্ট। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।