স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট আয়োজিত হবে হাইব্রিড মডেলে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আমিরাতে। আসন্ন এ টুর্নামেন্টের জন্য বাকি সাতটি দল প্রাথমিক দল ঘোষণা করেছে আগেই, তবে সবার শেষে আজ স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
লাল বলের ক্রিকেটে টানা অফ ফর্মের কারণে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন রোহিত শর্মা। তিনি ভারতের দলে থাকবেন কি না এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিলো, তবে তাঁকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ভারতের টিম ম্যানেজম্যান্ট, আর সহকারী হিসেবে রাখা হয়েছে শুবমান গিলকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দিয়েছে ভারতের টিম ম্যানেজম্যান্ট। এ কারণে টি-টোয়েন্টিতে আলো ছাড়ানো মারকুটে ব্যাটার সাঞ্জু স্যামসনকে নেয়া হয়নি। একই সঙ্গে নেয়া হয়নি পেসার মোহাম্মদ সিরাজকেও।
তবে দলে ফিরেছেন শ্রেয়াস আইয়্যার। এছাড়া লোকেশ রাহুল, রিশব পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরাও থাকছেন দলে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যশ্বসী জয়সোয়াল। পেসারদের মধ্যে মোহাম্মদ শামি ছাড়াও দলে আছেন আর্শদীপ সিং এবং জশপ্রীত বুমরা।
এদিকে বুমরাকে স্কোয়াডে রাখলেও তারকা এই পেসারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুমরাকে ৫ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তাঁর আর একটি স্ক্যান করানো হবে। এরপরই জানা যাবে, আসন্ন টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন কি না। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচেও বুমরা দলে থাকবেন না বলে জানা গেছে। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে হার্শিত রানাকে।