স্পোর্টস ডেস্ক :
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ আসর। আগামী মাসেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এই জমজমাট টুর্নামেন্টের। ৮ জাতি নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৯ মার্চ লাহার/ দুবাইর ফাইনালের মধ্যে দিয়ে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার দাবি করে হুঙ্কার দিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তিতে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশা নিয়ে মন্তব্য করেন রোহিত। তিনি বলেন, ‘আমরা আরও একটা প্রতিযোগিতায় নামতে চলেছি। আমি নিশ্চিত যখন আমরা দুবাইয়ে পৌঁছব, তখন ১৪০ কোটি ভারতীয়র শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়াংখেড়ে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন রোহিত-বিরাটরা। সেই প্রসঙ্গ তুলে রোহিত বলেন, ‘বিশ্বকাপ জয়ের পর আমাদের দিল্লিতে আসার কথা ছিল। কিন্তু তারপর কোথায় যাব কেউ জানত না। কিন্তু আমি চেয়েছিলাম বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়েতে আসতে। এর আগে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনও এখানেই হয়েছিল।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হিসেবে থাকবেন শুবমান গিল। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামিও, জশপ্রীত বুমরা চোট থেকে এখনো সুস্থ না হয়ে ওঠলেও তাঁকে রাখা হয়েছে দলে। এদিকে ব্যাক আপ ওপেনার হিসেবে দলে আছেন ওয়ানডেতে অনভিষিক্ত যশ্বসী জয়সোয়াল।
আসন্ন টুর্নামেন্টে ভারতের এক্স-ফ্যাক্টর হতে পারতেন সূর্য, এমনটা জানিয়ে নিজের হতাশার কথাও বলেছেন রায়না। রায়না বলেন, ‘ভারতের শক্তিশালী দলই গড়েছে। আমার বিশ্বাস, রোহিত আবার দেশকে গৌরবান্বিত করবে। কিন্তু আমি অবাক হয়েছি দলে সূর্যকুমারকে না দেখে। টুর্নামেন্টে মাঝের ওভারগুলোতে সূর্যকে মিস করবে ভারত, মাঝের ওভারগুলোতে এক্স-ফ্যাক্টর হতে পারতো সূর্য। ২০২৩ বিশ্বকাপে আমরা সূর্যর খেলা দেখেছি, মাঠের সব জায়গা দিয়েই সে রান করেছে, এ কারণেই ওকে মিস্টার ৩৬০ ডিগ্রী ডাকা হয়।’
রায়না আরও বলেন, ‘সূর্যকুমার দারুণ সুইপ শট খেলে, খেলার মোর ঘুরিয়ে দিতে পারে ও। বড় দলগুলোর সঙ্গে খেলায় ৯ রানরেটও চেজ করতে পারে। তাই ওকে দলে রাখা দরকার ছিলো। খেলা হবে দুবাইয়ে, দুবাইয়ের মাঠে সূর্য খুব ভালো খেলতে পারতো।’