জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি :
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা -ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রংপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, বীর মুক্তিযোদ্ধা এমএ শহীদ বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক ভূঞা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান জাহাঙ্গীর, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন। শুধু মুক্তিযোদ্ধারা নয়, দেশের সর্বস্তরের মানুষ জিম্মিদশায় ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। তার হাতে গড়া সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই দল প্রকৃত মুক্তিযুদ্ধের দল। এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাচ্ছেন বা পাবেন।

আওয়ামী লীগের আমলে রংপুরসহ সারাদেশে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। ভুয়া কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানেই অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্য হবে, মুক্তিযোদ্ধারা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন বলে হু‍ঁশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *