পরীক্ষার হলে মেয়ে , বাবার লাশ বাড়িতে

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় বাবার লাশ বাড়িতে রেখে বিএসএস তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে ফারহানা আক্তার। শনিবার (৭ ডিসেম্বর) কেন্দুয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএসএস তৃতীয় বর্ষের ইতিহাস পরীক্ষায় অংশ নেন তিনি।

শিক্ষার্থী ফারহানা আক্তারের বাড়িতে চলছে তার বাবার লাশ দাফনের প্রস্তুতি। স্বজনেরা শোকাহত। এ অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেন ফারহানা।

এলাকাবাসী জানায়, উপজেলার চিরাং ইউনিয়নের পূর্বরায় গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ভূঞা (৭০) শনিবার ভোরে নিজ বাড়িতে মারা যান। দুপুরের দিকে তার জানাজার সময় নির্ধারণ করা হয়। আতিকুর রহমানের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাবার মৃত্যুতে ছোট মেয়ে ফারহানা জানান, বিএসএস পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে দোটানায় পড়ে যান তিনি। তবে পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দেন তিনি। পরীক্ষা শেষে বাড়িতে এসে দেখেন তার বাবার দাফনের কাজ শেষ হয়েছে।

ফারহানার বাবা আতিকুর রহমান একজন কৃষক। যত কষ্টই হোক, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন ছিল তার। মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে বাবার প্রবল ইচ্ছার জেরে ফারহানা এবার বিএসএস তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছেন।

পরীক্ষায় অংশ নেয়ার আগে ফারহানা আক্তার জানান, বাবা তাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন, তিনি যেন পড়ালেখা করে অনেক বড় হন। বাবার ভালোবাসা এবং স্বপ্নের জন্যই তার এ পরীক্ষা দেওয়া।

পরীক্ষায় দায়িত্বরত কেন্দ্র সচিব অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাবাকে হারানো যেকোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। এরপরও ফারহানা বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। আমরা তার পরীক্ষার সময় যতটা সম্ভব সহযোগিতা দরকার করছি এবং মানসিকভাবে সাহস দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *