জ্যেষ্ঠ প্রতিবেদক :
প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক প্রকৌশলী রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
আবেদনের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন দরখাস্তকারী আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
আবেদনে তিনি বলেন, আমি জনস্বার্থে এই মর্মে অভিযোগ করিতেছি যে, প্রাণিসম্পদ অধিদফতরের সাবেক প্রকৌশলী রফিকুল ইসলাম, পিতা: মৃত মোক্তার আলী, সাং: খাষকাউলিয়া মধ্য জোতপাড়া, উপজেলা: চৌহালী, জেলা: সিরাজগঞ্জ। প্রকৌশলী রফিক চাকুরি করা অবস্থায় ব্যাপক দুর্নীতি-অনিয়ম করে নামে বে-নামে হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছে। উক্ত অবৈধ সম্পদ বৈধ করার জন্য চাকুরি থেকে অবসর নিয়ে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগে যোগদান করেন এবং চৌহালী থানা আওয়ামী লীগের ১নং কার্যকরী সদস্যপদ লাভ করেন। আওয়ামী লীগে যোগ দিয়ে তার ভাতিজা থানা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের সাথে যোগসাজস করে চৌহালীতে দুর্নীতির আখড়া গড়ে তোলেন এবং সরকারি কাজের ভাগ বাটোয়ারা করেন। উক্ত প্রকৌশলী রফিকের দুর্নীতির ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।