তিন লাখের বেশি মানুষ উত্তর গাজায় ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর উত্তর গাজায় ফিরে এসেছেন তিন লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

গাজা মিডিয়া অফিসের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৪৭০ দিন পর নিজেদের বাড়িঘরে ফিরেছেন উত্তর গাজার বাসিন্দারা। রশিদ (পশ্চিম) এবং সালাহ আল-দিন (পূর্ব) সড়ক দিয়ে তারা নিজেদের এলাকায় পৌঁছান।

ইসরায়েলি সেনাবাহিনী নেৎজারিম করিডোর দিয়ে প্রবেশের অনুমতি দেওয়ার পর সোমবার উত্তর গাজায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুই লাখ মানুষ পায়ে হেঁটেই উত্তর গাজায় আসেন। অনেকে ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র আনতেও দেখা গেছে।

ইসরায়েলি বাহিনীর বোমায় ধ্বংস হওয়া উত্তর গাজায় বলতে গেলে কোনো বাড়িঘরই অক্ষত নেই। তারপরও প্রায় ১৫ মাস পর নিজ এলাকায় ফিরতে পারায় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এই বাসিন্দারা এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইতোমধ্যে ইসরায়েল ও হামাসের পক্ষে জিম্মি ও বন্দি বিনিময়ও হয়েছে। তবে আরবেল ইয়াহুদ নামে এক জিম্মিকে মুক্তি না দেওয়ায় উত্তর গাজায় প্রবেশ আটকে রেখেছিল ইসরায়েল। অবশেষে তার মুক্তির বিষয়ে সমঝোতা হওয়ায় উত্তরাংশে প্রবেশ উন্মুক্ত করে দেয় ইসরায়েলি সেনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *