স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টটি দিয়েই সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের শততম টেস্ট খেলতে মাঠে নামবেন দিমুথ করুণারত্নে। অজিদের বিপক্ষে এই ম্যাচটিই হতে চলেছে লাল বলের ক্রিকেটে করুণারত্নের শেষ ম্যাচ।
নিজের শততম টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন, এ কথা নিজেই জানিয়েছেন করুণারত্নে। লঙ্কান এই ওপেনারের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কিছু কারণও আছে।
অস্ট্রেলিয়ার সিরিজের পর ২০২৬ সালে মে মাস পর্যন্ত শ্রীলঙ্কা কেবল ২টি টেস্ট ম্যাচ খেলবে। এদিকে লঙ্কান এই ওপেনার নিজেও আছেন অফ ফর্মে। তিনি সর্বশেষ ৭ টেস্টে করেছেন মোটে ১৮২ রান। ৩৬ বছর বয়সী এই ব্যাটারের সবশেষ ১৪ মাসে ব্যাটিং গড় কেবল ২৭.০৫।
অবসরের ব্যাপারে করুণারত্নে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘পরের টেস্টই যে আমার শেষ টেস্ট সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। খেলা ছাড়ার এটাই সেরা সময়, যেহেতু পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩-৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। এ ছাড়া এই গলেই আমার অভিষেক হয়েছিল, এখানে শেষ করা দারুণই হবে।’
২০১২ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্ট দিয়েই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন করুণারত্নে। এবার এই মাঠ দিয়েই ইতি টানছেন তিনি। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে লঙ্কান ওপেনারদের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি রান করেছেন করুণারত্নেই। ৩৯.৯৯ গড়ে ৭০৭৯ রান করেছেন তিনি।
শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়তে চলেছেন করুণারত্নে। সাদা পোশাকের ক্রিকেটে তিনি করেছেন মোট ৭১৭২ রান। লাল বলের ক্রিকেটে তাঁর নামের পাশে আছে ১৬টি সেঞ্চুরি।