বড় দুঃসংবাদ অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে , নেই কামিন্সসহ চার তারকা

স্পোর্টস ডেস্ক :
চলতি মাসেই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আগামী ১৯ তারিখে মাঠে গড়াবে টুর্নামেন্ট। এর আগে বড় দুঃসংবাদই পেয়েছে অস্ট্রেলিয়া।

আসন্ন টুর্নামেন্টে অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স খেলতে পারবেন কি না তা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলার সময়েই অ্যাঙ্কলের চোটে পড়েন তিনি। এরপর গতকাল অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও তাঁকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন।

সেই শঙ্কাই সত্যি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্সের। আজ অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফি পুরোপুরি খেলতে পারেননি আরেক পেসার জশ হেজলউড। চোটের কারণে তাকে মাঠের বাইরে ছিটকে যেতে হয়।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেলেন তারকা এই পেসার। আসন্ন টুর্নামেন্টের আগে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। এ কারণে তিনিও থাকছেন না দলে।

এদিকে চ্যাম্পিয়ুন্স ট্রফিতে খেলা হচ্ছে না মিচেল মার্শেরও। তিনিও পিঠের চোটের কারণে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। আর আসন্ন টুর্নামেন্টের আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। এ কারণে তাকেও দলে পাওয়া যাবে না। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভালো বেকায়দায়ই পড়েছে অস্ট্রেলিয়া।

এমন অবস্থায় অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখা যেতে পারে শন অ্যাবট, স্পেন্সার জনসন, বেন দারউইশ, তানভির সাঙ্গা, কুপার কনোলি, জ্যাইক ফ্রেজার ম্যাগার্কের মত তরুণ তারকা ক্রিকেটারদের।

দলের সিনিয়র ক্রিকেটারদের চোট নিয়ে অজিদের প্রধান নির্বাচক বেইলি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্যাট, জশ এবং মিচেল কিছু ইনজুরির সমস্যায় ভুগছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে সেরে উঠতে অপারগ। বিষয়টি আমাদের জন্য বেশ হতাশার। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্যও অস্ট্রেলিয়ার হয়ে বৈশ্বিক ইভেন্টে পারফর্ম করার সুযোগ খুলে দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *