নতুন লুকে সিয়াম ‘জংলি’র

বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো নিয়ে কথা শুরু হচ্ছে। কেউ প্রকাশ করছেন পোস্টার, কেউ জানাচ্ছে মুক্তির তারিখ। অভিনেতা সিয়াম আহমেদ মুক্তির তারিখ জানানোর পাশাপাশি প্রকাশ করলেন ছবির নতুন একটি লুক।

আজ রোববার নিজের ফেসবুকে জংলির নতুন লুক প্রকাশ করেছেন সিয়াম। দাঁড়ি-গোফে আচ্ছাদিত হয়ে জংলির কথা জানানো আরম্ভ করলেও নায়কের এবারের লুক একেবারেই আলাদা। ক্যাপশনে লিখেছেন, ‘‘আমি আছি ‘জনি’র সাথে। ‘জংলি’র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হবার পালা।’’

একই পোস্টে তিনি সিনেমাটি মুক্তির বিষয়েও জানিয়েছেন। সিনেমা হলে জংলি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। এদিকে, নতুন এই ছিমছাম লুক প্রকাশের পরেই সেটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা প্রশংসা করছেন অভিনেতার।

সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করতে যথেষ্ট শ্রম দিতে হয়েছে সিয়ামকে। এর আগে সে বিষয়ে লিখেছিলেন, ‘চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করেছি।’

‘জংলি’র পরিচালক এম রাহিম। গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-বুবলী-দীঘি ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *