দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম মানুষের অপছন্দ: তারেক

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম সাধারণ মানুষ পছন্দ করছেন না। তাই জান-প্রাণ দিয়ে হলেও জনগণের আস্থা, বিশ্বাস ধরে রাখতে হবে।

রোববার রাজধানীর খিলক্ষেতে বরুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দলের এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, হাতের পাঁচ আঙুল সমান নয়, মানুষও এক রকম হয় না। ৫ আগস্টের পর গত চারমাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না।

তিনি বলেন, দেশকে কীভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি; তারই সংস্কার হিসেবে ৩১ দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ৩১ দফায় কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *