অর্থনীতি প্রতিবেদক :
ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে দেশে ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে ১১টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলা হয়, ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১১টি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৫টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক।
ডিসেম্বরের প্রথম ১৪ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।
উল্লেখিত সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে রেমিট্যান্স ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার। আর ১ থেকে ৭ ডিসেম্বরে ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।