কোরআন অবমাননার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি :
পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে গাজীপুরে তৌহিদি জনতা এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামাসহ সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তৃতা করেন মাওলানা ফজলুর রহমান, মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা জাকারিয়া আল কাশেম, মাওলানা মুখলেছুর রহমান, মুফতি শাহাদাৎ হোসাইন, মাওলানা আবু হানিফ, মাওলানা কেফায়েত উল্লাহ, মুফতি নাসিম খান এবং মুফতি কাজী জয়নাল আবেদীন প্রমুখ।

এ সময় বক্তারা পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গত ২৮ নভেম্বর গাজীপুর মহানগরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে শুভ সরকার (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শুভ ময়মনসিংহের নান্দাইল থানার সুকুমার সরকারের ছেলে। পরিবারটি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগধা গ্রামে ভাড়া বাসায় বসবাস করে।

গ্রেফতারকৃত শুভ গাজীপুরের একটি বেসরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র।

অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে একটি আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *